মিশরের গিজা শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। গতকাল দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
দেশটির রেল কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ঢাল বেয়ে নিচে পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন। ঘটনাস্থলের ছবিতে উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর গিজা থেকে মিশরের দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরাতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানায়নি কর্তৃপক্ষ।
মিশরে এর আগে ২০০২ সালে একই এলাকার কাছাকাছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। সর্বশেষ দুর্ঘটনার পর দেশটির পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।
