ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিকল্প পথে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। দেশটির দক্ষিণাঞ্চলের বসরা থেকে শত শত ট্রাকে করে অপরিশোধিত তেল নেওয়া হচ্ছে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াসে। কয়েক দশক ধরে প্রায় অব্যবহৃত থাকা এ স্থলপথ নতুন করে চালু হওয়ায় ইরাকের তেল রপ্তানিতে বিকল্প সুযোগ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর থেকে বিকল্প রপ্তানি পথ খুঁজছে। পরিবহন ব্যয় বেশি হলেও সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের অবসান হওয়ায় দেশটির মধ্য দিয়ে স্থলপথে তেল পাঠানোর উদ্যোগ আবারও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইরাকের অধিকাংশ অপরিশোধিত তেল উপসাগরীয় অঞ্চলের টার্মিনাল দিয়ে রপ্তানি হয়। তবে ভারী অপরিশোধিত তেল পরিবহনের ক্ষেত্রে সিরিয়ার এই পথ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।
রাষ্ট্রায়ত্ত বসরা অয়েল কোম্পানির (বিওসি) মহাপরিচালক বাসেম আবদুল করিম জানান, গত মাস থেকে কাতারভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান ইউসিসি হোল্ডিং ট্রাকে করে ইরাকি তেল সিরিয়ার বানিয়াস বন্দরে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান সোমোর সঙ্গে চুক্তির আওতায় প্রতিদিন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিবহন করা হচ্ছে। তবে ট্রাকের প্রাপ্যতার ওপর নির্ভর করে প্রতিদিনের পরিবহনের পরিমাণ কমবেশি হয়।
দক্ষিণ ইরাকের তেলক্ষেত্রগুলো থেকে ট্রাকে করে তেল নেওয়া হচ্ছে বানিয়াস বন্দরে। সেখান থেকে জাহাজে করে তা আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে।
চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ইউসিসির বর্তমানে ৬ হাজার ট্রাক রয়েছে। এই পথে পরিবহন সক্ষমতা বাড়াতে ট্রাকের সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ কাজে প্রায় ১০ হাজার চালক নিয়োজিত আছেন। প্রতিদিন প্রায় ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল খালাস করা হচ্ছে।
তেলবাহী ট্রাকচালক ইসহাক মোহাম্মদ বলেন, ‘আমরা বসরার তুবা সংরক্ষণাগার থেকে অপরিশোধিত তেল বোঝাই করে সিরিয়ার বানিয়াসে নিয়ে যাই। তুবায় ফিরে আসাসহ পুরো যাত্রায় সর্বোচ্চ পাঁচ দিন সময় লাগে।’
বসরা শহরের কাছের তুবা তেল সংরক্ষণাগারের ব্যবস্থাপক লুয়াই জাওয়াদ জানান, গত ২৬ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউসিসি প্রায় ১৬ লাখ ব্যারেল তেল বোঝাই করেছে।
রয়টার্সের হাতে আসা একটি নথি অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে তিন মাসে ৫০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল বোঝাই করার পরিকল্পনা রয়েছে ইউসিসির। প্রতি ব্যারেল তেল ৩৮ ডলার ছাড়ে কেনার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে ট্রাকের সংকট ও অন্যান্য পরিবহন সীমাবদ্ধতার কারণে অদূর ভবিষ্যতে তেল পরিবহনের পরিমাণ পরিকল্পিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চুক্তির বিষয়ে অবগত এক ব্যক্তি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বানিয়াস বন্দর থেকে জাহাজে করে তেল ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিভিন্ন শোধনাগারে পাঠানো হচ্ছে। এসব শোধনাগারের মধ্যে গ্রিস, ইতালি ও তুরস্কের প্রতিষ্ঠান রয়েছে। চুক্তি অনুযায়ী, সিরিয়ার মধ্য দিয়ে তেল পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় বাবদ প্রতি ব্যারেলে প্রায় ১২ ডলার পাবে ইউসিসি।
এদিকে ওপেকের সর্বশেষ মাসিক প্রতিবেদনে উল্লেখ করা মাধ্যমিক সূত্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইরাকের দৈনিক তেল উৎপাদন ছিল প্রায় ৪৫ লাখ ব্যারেল। আগের মাসের তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় ৫ লাখ ব্যারেল।
সূত্র: রয়টার্স
